| কোড: 320671 | তারিখ: 2012/06/08 - 08:36 | সূত্র: রেডিও তেহরান | print |
শক্তি প্রয়োগে ইরানি পরমাণু ইস্যুর সমাধান গ্রহণযোগ্য নয় : সাংহাই সহযোগিতা সংস্থা |
সংস্থাটি বলেছে, ইরান ইস্যুর সমাধানে যেকোনো ধরনের বল প্রয়োগের প্রচেষ্টা হবে অগ্রহণযোগ্য এবং এ অঞ্চলসহ পুরো বিশ্বের জন্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ডেকে আনতে পারে। চীনের রাজধানী বেইজিংয়ে সাংহাই সহযোগিতা সংস্থার দু'দিনের শীর্ষ সম্মেলন শেষে আজ প্রকাশিত বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে ইরান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করা হয়েছে।
এবারের সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ। চীন, রাশিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং কিরঘিজস্তান এ সংস্থার সদস্য। এ ছাড়া, ইরান, ভারত, পাকিস্তান ও মঙ্গোলিয়া পর্যবেক্ষক সদস্য হিসেবে কাজ করছে।
এদিকে, সংলাপের মাধ্যমে ইরানের পরমাণু ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তির আহবান জানিয়েছে চীন ও রাশিয়া। গতকাল (বুধবার) দেশ দু'টির যৌথ বিবৃতিতে এ আহবান জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের মধ্যে বৈঠকের পর ওই বিবৃতি প্রকাশ করা হয়।
ইরানের বিরুদ্ধে কোনো হুমকি বা বল প্রয়োগের তীব্র বিরোধিতা করে বিবৃতিতে চীন ও রাশিয়া বলেছে, তেহরানের ওপর কোনো বাড়তি চাপ বা একতরফা নিষেধাজ্ঞা মেনে নেয়া হবে না।#
(সূত্র : রেডিও তেহরান)