| কোড: 323675 | তারিখ: 2012/06/20 - 21:58 | সূত্র: আবনা | print |
হাওযা ইলমিয়া’র উচ্চতর পরিষদের সদস্যের উপস্থিতিতে; বার্তা সংস্থা আবনায় বার্মিজ ভাষার উদ্বোধন |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পবিত্র রজব মাসের শেষ দিন এবং শাবান মাসের শুরুর লঘ্নে বার্তা সংস্থা আবনায় সংযোজিত হয়েছে বার্মিজ ভাষার কার্যক্রম। পূর্ব এশিয়ার এ ভাষার আনুষ্ঠানিক উদ্বোধনে হাওযা ইলমিয়ার উচ্চতর পরিষদের সদস্য হযরত আয়াতুল্লাহ হুসাইনী বু শাহরী উপস্থিত ছিলেন।
আয়াতুল্লাহ হুসাইনী বু-শাহরী উদ্বোধনী অনুষ্ঠানে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা কর্তৃক বার্তা সংস্থা আবনা চালু করার পেছনে আহলে বাইত (আ.) এর মাযহাবের শিক্ষা হতে ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষার কথা উল্লেখ করে বলেন : মহানবী (স.) এর গুরুত্বপূর্ণ নির্দেশ হচ্ছে সময় ও সুযোগের পরিপূর্ণ ব্যবহার করা। কেননা হয়তবা সুযোগ সর্বদার জন্য নাও থাকতে পারে।
জনাব বু শাহরী দ্বিতীয় শিক্ষার কথা উল্লেখ করতে গিয়ে মাসুমিন (আ.) গণের একটি হাদীসের প্রতি ইশারা করে বলেন : অসহায়ের সহযোগিতা এবং অত্যাচারীর মোকাবেলা সহযোগিতা করা এমন একটি বিষয় যার উপর স্বয়ং মহানবী (স.) ও আহলে বাইত (আ.) বিশেষ গুরুত্বারোপ করেছেন।
তিনি নাহজুল বালাগাহ’র একটি অংশ পাঠ করে বলেন : আমিরুল মু’মিনীন আলী (আ.) এর দৃষ্টিতে ক্ষমতার নিজের কোন মূল্য নেই। বরং ক্ষমতা, আল্লাহর বান্দা ও সমাজের নির্যাতিত ও নিপীড়তদের সেবাদানের উপকরণ স্বরূপ।
আয়াতুল্লাহ হুসাইনী বু শাহরী বলেন : আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার অন্যতম দায়িত্ব হচ্ছে সময় ও সুযোগের সদ্ব্যবহার করা এবং পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত শিয়াদের সাহায্যার্থে প্রচার মাধ্যম হতে উপকৃত হওয়া।
তিনি বলেন : এটা কতই না উত্তম যে, বিশ্বের সকল প্রান্তের নির্যাতিত শিয়ারা জানবে যে, আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা ছাড়াও আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনাও তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে।
উদ্বোধনী এ অনুষ্ঠান দুপুর ১:৩০ মিনিটে বার্তা সংস্থা আবনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাংস্কৃতিক বিভাগের প্রধান ও বার্তা সংস্থা আবনা পরিচালক উপস্থিত ছিলেন।
এছাড়া আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাংস্কৃতিক বিভাগের প্রধান ড. নাজাফ লাকযাঈ, হাওযা ইলমিয়ার নির্বাচিত গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম সাইয়্যেদ মানযার হাকিমও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের পাশাপাশি আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা কর্তৃক সম্প্রতি প্রকাশিত গ্রন্থাদিও উপস্থিতদের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়।
১৮তম ভাষা হিসেবে বার্তা সংস্থা আবনায় বার্মিজ ভাষার কার্যক্রম চালুর মাধ্যমে মিয়ানমারের হাজার হাজার মুসলমান আহলে বাইত (আ.) মাযহাবের অনুসারীদের খবরাখবর সম্পর্কে অবগত হবে।
উল্লেখ্য, গত বছরও সাওয়াহেলী ও হিন্দি ভাষার উদ্বোধন করা হয়, যা ভারত এবং তানজানিয়া, কেনিয়াসহ আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে।
বলাবাহুল্য, আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা ২০০৭ সালের আগস্ট মাসে তেহরানে অনুষ্ঠিত আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের সভায় ফার্সী, আরবী, ইংরেজী ও উর্দু মোট চারটি ভাষায় আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদী নেজাদও উপস্থিত ছিলেন।
প্রায় ৫ বছর কার্যক্রমের পর বার্তা সংস্থা আবনা ৪ ভাষা হতে বর্তমানে ১৮টি ভাষায় কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি সঠিক সময়ে ও দ্রুত মুসলিম বিশ্ব ও শিয়া বিশ্বের বিভিন্ন খবরা-খবর প্রকাশের ফলে ভার্চুয়াল বিশ্বে মুসলিম ইউজারদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। এছাড়া এ বার্তা সংস্থা বিশ্বের বিভিন্ন অঞ্চলে শিয়াদের নির্যাতনের চিত্র তুলে ধরে তাদের সমস্যা দূর বা হ্রাস ঘটাতে কার্যকর ভূমিকা রেখেছে।#