| কোড: 325877 | তারিখ: 2012/06/30 - 18:15 | সূত্র: রেডিও তেহরান | print |
বিশ্ববাজারে তেলের দর বাড়ল ৯ শতাংশ; ইরানের ওপর নিষেধাজ্ঞা বুমেরাং হচ্ছে |
বার্ত সংস্থা আবনা : ইরানের তেলখাতের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর করার আগ মুহূর্তে বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে গেছে শতকরা ৯ ভাগেরও বেশি। আগামীকাল পয়লা জুলাই থেকে ইউরোপীয় জোটের ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।
গতকাল লাইট সুইট অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৯.৪ ভাগ বেড়ে ৮৪.৯৬-এ দাঁড়িয়েছে। ২০০৯ সালের পর থেকে মাত্র একদিনে তেলের দর বাড়ার এমন উচ্চ হার আর কখনো দেখা যায়নি। একদিনের ব্যবধানে তেলের দর বাড়ার ইতিহাসে এ ঘটনা চতুর্থ বৃহত্তম রেকর্ড।
বিশ্লেষকরা মনে করেন, জ্বালানি তেলের দর বাড়তে থাকলে ইরানের ওপর পাশ্চাত্যের তেল নিষেধাজ্ঞায় ইরানের ক্ষতির আশঙ্কা কমে যাবে বরং পশ্চিমা দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের নিষেধাজ্ঞা বুমেরাং হতে পারে বলে অনেক অর্থনৈতিক কর্মকর্তা ও বিশেষজ্ঞ হুঁশিয়ারি উচ্চারণ করে এসেছেন।
অবশ্য, ইউরোপীয় জোটের অভিন্ন মুদ্রা ইউরোর দর এবং বিশ্বের শেয়ার বাজার চাঙ্গা হওয়ার প্রভাবও জ্বালানি তেলের দাম বাড়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। গতকাল ইউরো জোনের নেতারা সেখানকার রুগ্ন ব্যাংকগুলোয় পুঁজি যোগান দেয়ার সিদ্ধান্ত নেয়ায় ইউরোর দাম বেড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে শেয়ার বাজারও চাঙ্গা হয়েছে।#
(সূত্র : রেডিও তেহরান)