| কোড: 332303 | তারিখ: 2012/07/27 - 20:51 | সূত্র: রেডিও তেহরান | print |
ইরানের নৌশক্তি মার্কিন যুদ্ধজাহাজগুলোর জন্য মহা আতঙ্ক : ওয়াশিংটন পোস্ট |
বার্তা সংস্থা আবনা : ইরানের ক্রমবর্ধমান নৌশক্তি পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বাহিনীতে আতঙ্ক সৃষ্টি করেছে বলে আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন। পারস্য উপসাগরে যে কোন সংঘাত মার্কিন নৌবাহিনীর জন্য ভয়ানক দুঃস্বপ্নে রূপ নেবে বলে আশংকা করছেন তারা। মধ্যপ্রাচ্যের নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট আজ(শুক্রবার) এসব তথ্য জানিয়েছে।
পত্রিকাটি আরো লিখেছে, সংঘাত বাঁধলে কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ৩৬০ ডিগ্রি মাত্রার হুমকিপূর্ণ পরিস্থিতিতে পড়বে। ওই সব জাহাজ স্থল, জল, আকাশ এমনকি পানির তলদেশ থেকেও আক্রমণের মুখে পড়বে। মধ্যপ্রাচ্যের ওই গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, এক দশক আগের তুলনায় ইরান এখন অনেক বেশি শক্তিশালী এবং মার্কিন নৌবাহিনীর অনেক বেশি ক্ষতি করার শক্তি অর্জন করেছে ইরান।
গত এপ্রিলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন প্রকাশিত গবেষণামূলক প্রতিবেদনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট আরো লিখেছে, ইসরাইলসহ অন্যান্য লক্ষ্যে হামলা চালানোর মতো ক্ষমতাসম্পন্ন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান দ্রুত দক্ষতা অর্জন করছে। যুদ্ধজাহাজ মোকাবেলার ক্ষেত্রেও এ অগ্রগতি কাজে লাগবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটন পোস্ট লিখেছে, ‘ইরানের নৌযানগুলো পারস্য উপসাগরে শত্রুর জাহাজ বহরকে লক্ষ্য করে দ্রুত জাহাজ-বিধ্বংসী মাইন বসাতে সক্ষম এবং সেগুলো একযোগে বিভিন্ন দিক থেকে শত্রু-জাহাজের ওপর হামলা করার ক্ষমতা রাখে। ঠিক যেমন মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে বড় কোন শিকারের ওপর ঝাপিয়ে পড়ে।’ সম্প্রতি আমেরিকা ঘোষণা করেছে, তারা খুব শিগগিরি পারস্য উপসাগরে রাজতান্ত্রিক আরব দেশগুলোর সঙ্গে যৌথভাবে সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে। মহড়া চলাকালে কাতারে নতুন রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রাখারও পরিকল্পনা রয়েছে। তবে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরান একাই গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা রাখে।#
(সূত্র : রেডিও তেহরান)