| কোড: 334919 | তারিখ: 2012/08/07 - 07:10 | সূত্র: রেডিও তেহরান | print |
মিশর সীমান্তে হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত: ইখওয়ান |
বার্তা সংস্থা আবনা : মিশরের ক্ষমতাসীন ইখওয়ানুল মুসলিমিন গাজা সীমান্তের কাছে সন্ত্রাসী হামলার জন্য ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদকে দায়ী করেছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, মিশরের বিপ্লব ব্যর্থ করতে এবং গাজা সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ওই হামলা চালানো হয়েছে। মিশরের ভেতরের ও বাইরের কিছু শক্তি ওই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইখওয়ানুল মুসলিমিনের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়। তারা আরো বলেছে, মিশরে বিপ্লব শুরুর পর থেকেই তা ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে মোসাদ।
রোববারের হামলার কয়েক দিন আগে তেল আবিব সিনাই এলাকা থেকে ইসরাইলি নাগরিকদের দ্রুত সরে পড়ার নির্দেশ দিয়েছিল বলেও ইখওয়ান জানিয়েছে। গত রোববার মিশরের উত্তর সিনাই উপত্যকার গাজা সীমান্তের কাছে একটি ক্যাম্পে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১৬ জন সীমান্তরক্ষী নিহত এবং সাত জন আহত হয়েছে। হামলাকারীদের পরণে বেদুইনদের ঐতিহ্যবাহী পোশাক ছিল বলে স্থানীয় এক চিকিতসক জানান। মিশর গাজার রাফাহ সীমান্ত দৈনিক ১২ ঘন্টা খোলা রাখতে রাজি হওয়ার কয়েক দিন পরই ওই হামলা হলো। #
(সূত্র : রেডিও তেহরান)