| কোড: 321691 | তারিখ: 2012/06/12 - 16:57 | সূত্র: রেডিও তেহরান | print |
‘পারচিন স্থাপনায় পরমাণু কর্মসূচি’ : পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করল ইরান |
বার্তা সংস্থা আবনা : ইরানের পারচিন সামরিক স্থাপনায় পরমাণু কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে আমেরিকাসহ পশ্চিমা কয়েকটি দেশ যে দাবি করছে তা প্রত্যাখ্যান করেছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। তিনি বলেছেন, পশ্চিমাদের এ দাবি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেছেন, আসন্ন মস্কো বৈঠক বাধাগ্রস্ত করতেই পশ্চিমারা এ দাবি তুলেছে। আগামী ১৮ ও ১৯ জুন রাশিয়ার রাজধানী মস্কোয় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চীন, আমেরিকা ও জার্মানী হলো ছয় জাতিগোষ্ঠীর সদস্য।
আমেরিকা ও পশ্চিমা কয়েকটি দেশ সম্প্রতি অভিযোগ তুলেছে, ইরানের পারচিন সামরিক স্থাপনায় তেহরান পরমাণু পরীক্ষা সংক্রান্ত বিস্ফোরক স্থানান্তর করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র মহাপরিচালক ইউকিয়া আমানোও সম্প্রতি ইরানের সঙ্গে এক বৈঠকে অনেকটা পীড়াপীড়ি করে বলেছেন, পারচিন স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দিতে হবে। তবে, ইরান জোরালোভাবে এ দাবি অস্বীকার করেছে। ইরানের সিনিয়র সংসদ সদস্য ইভাজ হায়দারপুর বলেছেন, "পারচিন সামরিক স্থাপনায় পশ্চিমা গুপ্তচরদের কখনো ঢুকতে দেয়া হবে না।"
এ ছাড়া, তেহরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এনপিটি-তে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরান এ ধরনের কর্মসূচি পরিচালনার অধিকার রাখে।#
(সূত্র : রেডিও তেহরান)