| কোড: 323824 | তারিখ: 2012/06/21 - 19:46 | সূত্র: রেডিও তেহরান | print |
আমেরিকা, ইসরাইল ও ব্রিটেন ইরানে সাইবার হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে : তেহরান |
বার্তা সংস্থা আবনা : ইরানের গোয়েন্দামন্ত্রী হায়দার মোসলেহি বলেছেন, আমেরিকা, ইসরাইল ও ব্রিটেন ইরানের ওপর বড় ধরনের সাইবার হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) তেহরানে সাংবাদিকদের জানিয়েছেন, রাশিয়ার রাজধানী মস্কোয় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের বৈঠক শেষ হওয়ার পর ওই তিন দেশ এ পরিকল্পনা হাতে নিয়েছে বলে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে তেহরান জানতে পেরেছে।
গত মঙ্গলবার ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা ও জার্মানীর সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের দু'দিনব্যাপী বৈঠক শেষ হয়। মস্কোয় অনুষ্ঠিত ওই বৈঠকের মূল আলোচ্যসূচি ছিল ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি। ইরানের গোয়েন্দামন্ত্রী বলেন, আমেরিকা, ইসরাইল ও ব্রিটেনের গোয়েন্দা সংস্থা যথাক্রমে সিআইএ, মোসাদ ও এমআইসিক্স সাইবার হামলার পরিকল্পনা করলেও তেহরান তা প্রতিহত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
গত কয়েক বছরে ইরান পশ্চিমা শক্তিগুলোর পক্ষ থেকে বেশ কয়েকটি সাইবার হামলার শিকার হয়েছে। এ মাসের গোড়ার দিকে দৈনিক নিউইয়র্ক টাইমস খবর দেয়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্টুক্সনেট কম্পিউটার ভাইরাস দিয়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সাইবার হামরা চালানোর গোপন নির্দেশ দিয়েছেন। ওবামার নির্দেশে ইরানে সাইবার হামলা চালানোর যে দল গঠিত হয়েছে তার এক সদস্যের বরাত দিয়ে দৈনিকটি জানায়, বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের পরমাণু স্থাপনায় নাশকতা চালানোর নির্দেশ দিয়েছিলেন।
এ ছাড়া, অপর মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট সম্প্রতি খবর দিয়েছে, আমেরিকা ও ইসরাইল ইরানে সাইবার হামলা চালানোর জন্য যৌথভাবে 'ফ্লেম' নামক একটি কম্পিউটার ভাইরাস তৈরি করেছে। দৈনিকটি গত মঙ্গলবার আরো জানায়, ইরানের কম্পিউটার নেটওয়ার্কে গুপ্তচরবৃত্তির মাধ্যমে আমেরিকায় তথ্য পাচার এবং সে তথ্যের ভিত্তিতে আক্রমণাত্মক ভাইরাস তৈরি করার লক্ষ্যে 'ফ্লেম' উতপাদন করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরাইলি সেনাবাহিনী যৌথভাবে এ কম্পিউটার ভাইরাস তৈরি করেছে।
ইসরাইলের উপপ্রধানমন্ত্রী মোশে ইয়ালোন গত ২৯ মে স্বদম্ভে ঘোষণা করেন, ইরানের পরমাণু স্থাপনায় নাশকতা চালানোর জন্য কম্পিউটার ভাইরাস তৈরিতে তেলআবিব জড়িত রয়েছে। ইরান পরমাণু ততপরতা থেকে বিরত রাখার জন্য এ বিষয়টি জরুরী বলে তিনি দাবি করেন।#
(সূত্র : রেডিও তেহরান)