| কোড: 328093 | তারিখ: 2012/07/10 - 14:19 | সূত্র: আবনা | print |
সৌদি আরবে বিক্ষোভ অব্যাহত ; কাতিফ প্রদেশে ২ শিয়ার শাহাদত |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের শীর্ষস্থানীয় শিয়া আলেম আয়াতুল্লাহ শেইখ আল-নেমেরের উপর হামলা চালিয়ে তাকে আহত করে গ্রেপ্তারের প্রতিবাদে এদেশের পূর্ব অঞ্চলে বিক্ষোভরত জনতার উপর চালানো নিরাপত্তা বাহিনী’র গুলিতে ২ জন শিয়া মুসলিম শহীদ এবং অপর ২০ জন আহত হয়েছে। আওয়ামিয়া শহরেরও পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মাঝে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শহীদ ঐ ২ যুবক হচ্ছেন; আল-আওয়ামিয়া’র সাইয়্যেদ আকবার শাখুরী এবং কাতিফ শহরের সাইয়্যেদ মুহাম্মাদ ফুলফুল। উভয় যুবকই নিরাপত্তা বাহিনী’র চালানো সরাসরি গুলিতে শহীদ হয়েছেন।
উক্ত বিক্ষোভ, সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ শেইখ আল-নেমেরে’র গ্রেপ্তারের প্রতিবাদে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন মারফত জানা গেছে যে, সৌদি নিরাপত্তা বাহিনী’র সদস্যরা প্রতিবাদী জনতাকে দমন করতে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রের সাহায্য নিচ্ছে। এ বিক্ষোভ হতে অসংখ্য লোককেও গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গতপরশু (৮ই জুলাই রবিবার) সৌদি আরবের নিরাপত্তা বাহিনী’র সদস্যরা ‘আয়াতুল্লাহ শেইখ আল-নেমেরে’র গাড়ীতে সশস্ত্র হামলা চালিয়ে তাকে আহত করার পর গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
উল্লেখ্য, শেইখ আল-নেমের ১৯৫৯ সালে সৌদি আরবের আল-আওয়ামিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতাও ছিলেন বাহরাইন ও সৌদি আরবের আল-আহসা অঞ্চলের শীর্ষস্থানীয় আলেমদের একজন। তিনি তার জীবদ্দশায় বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন।#